
নিজস্ব প্রতিবেদক:
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, “৫ দফা দাবির প্রেক্ষিতে প্রথম দফায় ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ, দ্বিতীয় দফায় ১০ অক্টোবর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছে, জামায়াতের দাবির প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।”
তিনি আরও বলেন, “সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে এখনো দাবিগুলো মেনে নেয়নি। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করছে।”
জামায়াতের ঘোষিত ৫ দফা দাবি হলো—
১️⃣ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২️⃣ জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করা।
৩️⃣ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪️⃣ বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫️⃣ স্বৈরাচার ও ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর ঢাকায় মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ী, মৎস্য ভবন ও গাবতলী পয়েন্টের মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া দেশের সকল বিভাগীয় শহরে একই দিন (১৪ অক্টোবর) এবং পরদিন (১৫ অক্টোবর) সকল জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ ও দলীয় নেতাকর্মীদের এসব কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


