
ডেক্স রিপোর্ট ✍️
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য রযালি বের করা হয়, পরে পুকুরে মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস্য চাষে নিরলস পরিশ্রম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫’-এ মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছেন শার্শার উদ্যোক্তা কুদ্দুস আলী বিশ্বাস। তিনি দীর্ঘদিন ধরে মিঠাপানিতে মাছ চাষ করে দেশের আমিষের চাহিদা পূরণ করছেন। পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি ও প্রয়োজনীয় প্রজাতির মাছ আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করে আসছেন।
‘জনতা ফিস’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বিশ্বাস শুধু নিজে স্বাবলম্বী হননি, সরকারের রাজস্ব আয়েও রেখেছেন উল্লেখযোগ্য অবদান।


