
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন জোট গঠনের আলোচনা শুরু হয়েছে। বিএনপি-জামায়াত জোটের বাইরে তৃতীয় একটি শক্তিশালী রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর উত্তরায় বসেছিল নয়টি দলের শীর্ষস্থানীয় নেতারা।
আলোচনায় অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দলসহ মোট নয়টি রাজনৈতিক দল। বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায়। সভাপতিত্ব করেন জেএসডির সহ-সভাপতি তানিয়া রব।
বৈঠকে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূমসহ আরও অনেকে।
অপরদিকে, এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা জানান, সভাটি ছিল মূলত সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়ার। আলোচনায় উঠে আসে জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি, আগামী নির্বাচন ঘিরে দলগুলোর অবস্থান এবং সম্ভাব্য জোট গঠনের রূপরেখা। যদিও আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নেতারা বলেছেন—“বৃহত্তর ঐক্যের লক্ষ্যে শিগগিরই আবারও বৈঠকে বসা হবে।”
গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,
“এটি ছিল সম্প্রীতির বৈঠক। দেখা-সাক্ষাৎ, খোলামেলা আলোচনা হয়েছে। আমরা বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করব এবং যোগাযোগ অব্যাহত রাখব।”
অপরদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন,
“গণতন্ত্র মঞ্চভুক্ত ছয় দল, এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ—এই নয়টি দলের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগে একটি বৈঠক হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবারও আলোচনা হয়েছে। জোট গঠন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা সহসাই আবার বসব।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসায় নতুন জোট গঠনের জন্য সময় অপ্রতুল হলেও ‘বিকল্প তৃতীয় শক্তি’ হিসেবে এই উদ্যোগ রাজনীতিতে নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বরও গণতন্ত্র মঞ্চের সঙ্গে এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং বিএনপি-জামায়াতের সঙ্গে দূরত্ব কমানোর উপায় নিয়েও আলোচনা হয়।


