
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নয়।”
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মুফতি মনির কাসেমী বলেন, “নির্বাচনের সময় কিছু ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেন। কেউ কেউ রোজা ও পূজা একসঙ্গে পালন করেন, আবার কেউ মন্দিরে গিয়ে গীতা পাঠ করেন। এরা ইসলামের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে।”
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, “পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও কিছু অসাধু ব্যবসায়ী ১ কেজির জায়গায় ৮০০ গ্রাম দেয়। আমরা ইসলামের অনুসারী, কিন্তু ৮০০ গ্রামের জামায়াতে ইসলামকে সমর্থন করি না। তাই তাদের ভোট দেওয়া জায়েজ নয়। ইসলাম আমাদের প্রাণের স্পন্দন, তবে সেটা হতে হবে মদীনার ইসলাম—জামায়াতের ইসলাম নয়।”
এ সময় তিনি ফতুল্লার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তির জন্য সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ব্যর্থতাকে দায়ী করেন।
তিনি বলেন, “আগের এমপি এলাকায় থাকতেন না, তাই সমস্যা সমাধান হয়নি। অল্প বৃষ্টিতেই ফতুল্লা পানিতে তলিয়ে যায়। আমি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে জলাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধান করব—না পারলে এখানেই থাকব।”
দলের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “যে আওয়ামী লীগের কর্মীরা চাঁদাবাজি, জবরদখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয়, তাদের কোনো ক্ষতি হবে না। তবে অপরাধী হলে সে যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব মুফতি বশির উল্লাহ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী ও ফতুল্লা থানা সভাপতি মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ।


