
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশে চলমান দুর্নীতির বিস্তার ও তার সংকটজনক প্রভাবের চিত্র তুলে ধরে বিএনপি জনগণের দায়িত্ব পেলে আবারও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতিটি স্তরেই দুর্নীতি আজ বিষফোঁড়ার মতো বিস্তৃত। চাকরি খুঁজতে বের হওয়া একজন মেধাবী গ্র্যাজুয়েট, সরকারি সেবা পেতে সংগ্রামরত কৃষক, হাসপাতালে ভোগান্তিতে পড়া রোগীর পরিবার কিংবা ব্যবসা টিকিয়ে রাখতে ঘুষ দিতে বাধ্য উদ্যোক্তা—সবার অভিজ্ঞতাই একই কথার সাক্ষ্য দেয়।
তিনি বলেন, “খাবারের দাম কেন বাড়ে, স্কুলে ভালো পড়াশোনা কেন মেলে না, রাস্তায় কেন নিরাপত্তা নেই—সবকিছুর পেছনেই রয়েছে একটাই কারণ: দুর্নীতি। দুর্নীতি লাখো মানুষের প্রতিদিনের জীবনকে দমবন্ধ করে ফেলেছে।”
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দেওয়া পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো নতুন বিষয় নয়; বরং বহু যুগ ধরে এটি জাতীয় আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। এই দিবস স্মরণ করিয়ে দেয় সেই সময়ের কথাও, যখন বাংলাদেশ সত্যিকার অগ্রগতির পথে ছিল—যা তার দাবি অনুযায়ী মূলত বিএনপির শাসনামলে অর্জিত হয়েছিল।
তিনি বলেন, জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও সেই দুর্নীতিবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছে।
তারেক রহমানের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে, বিশেষ করে আসন্ন জাতীয় রাজনৈতিক পরিবেশকে সামনে রেখে।


