
ডেক্স রিপোর্ট :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের বাগদান একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাঁটাবন মসজিদে আনুষ্ঠানিকভাবে তাদের বাগদান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ।
জানা গেছে, চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝিতে এসএম ফরহাদ ও মহিউদ্দীন খানের আকদ (বিবাহ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোকের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
এ বিষয়ে ডাকসু ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের দুইজন শীর্ষস্থানীয় নেতা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে একই তথ্য নিশ্চিত করেন। যদিও এখন পর্যন্ত তাদের কনেদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন—ইনশাল্লাহ। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন।
উল্লেখ্য, ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের যথাক্রমে সভাপতি ও সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের এবং মহিউদ্দীন খান লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


