
ঝিকরগাছা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কড়া মনিটরিং পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এসময় সকল ব্যবসায়ী ও দোকানিদের পণ্যমূল্যের তালিকা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ঝিকরগাছা বাজার পরিদর্শনকালে তিনি বলেন, রমজান মাসে ভোক্তা-সাধারণের কাছে নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি বা ওজনে কারচুপি সহ্য করা হবে না। অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মনিটরিংকালে ইউএনও বাজারের চাল, ডাল, তেল, মাছ-মাংস, শাক-সবজি, মুদি ও ফলমূলের দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে ক্রেতাদের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ দেন এবং মজুদদার ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের সতর্ক বার্তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছা: মাসুমা আক্তার, মৎস্য অফিসার নান্নু রেজাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


