
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামে এক বর্গাচাষির আড়াই বিঘা জমির ফলন্ত শসা ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক মোহর আলী জানান, বহু কষ্টে ও ধার-দেনা করে তিনি ২.৫ বিঘা জমিতে শসার আবাদ করেছিলেন। গাছগুলো ছিল একেবারে ফলন্ত অবস্থায়, কয়েক দিনের মধ্যেই বাজারে শসা তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু রাতের আঁধারে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার ক্ষেতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গোড়া থেকে সব গাছ কেটে ফেলে।
বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে পুরো ক্ষেতের গাছ নুয়ে পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার দাবি, এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। মোহর আলী বলেন, “আমি এখন কী করে দেনা শোধ করব, পরিবার চালাব কীভাবে? যারা আমার এই সর্বনাশ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষকরা বলছেন, এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতে আরও কৃষক ক্ষতির শিকার হতে পারেন।
বর্নি গ্রামের বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে আর কোনো কৃষকের স্বপ্ন এভাবে রাতের আঁধারে ধূলিসাৎ না হয়।


