
যশোর প্রতিনিধি :
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ‘নববর্ষ প্রকাশনা উৎসব’ শুরু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে ‘চেতনায় চিরঞ্জীব’ স্মৃতিস্তম্ভের পূর্ব পাশে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবাইদুল্লাহ হুছাইন। তিনি তার বক্তব্যে বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে সঠিক ইতিহাস চর্চা ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। নববর্ষের শুরুতে নতুন উদ্দীপনায় দেশকে জানা এবং সুস্থ সংস্কৃতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। সংগঠন সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা থাকলে স্টলে এসে প্রকাশনা ও কার্যক্রম সম্পর্কে জানার আহ্বানও জানান তিনি।
কলেজ শাখার সভাপতি রাকিব হোসেন বলেন, ইসলামী ছাত্রশিবির শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং সৎ ও দক্ষ নাগরিক গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম। নববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের সামনে সংগঠনের কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ‘সমর্থক ফোরাম’ ও ‘স্টাডি জোন’ রাখা হয়েছে।
শাখার সেক্রেটারি আনিছুর রহমান জানান, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উৎসব চলবে। এতে ডেস্ক ক্যালেন্ডার, ডায়েরি, তিন পাতার ক্যালেন্ডারসহ ৬০ থেকে ৭০ ধরনের বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সুস্থ জ্ঞানচর্চা ও নৈতিকতার বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর শহর শাখার অফিস ও দাওয়াহ সম্পাদক আবু হাসানসহ এমএম কলেজ শাখা ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে বিজ্ঞান, গণিত ও বাংলাদেশের ইতিহাসভিত্তিক বিভিন্ন বই প্রদর্শন করা হচ্ছে। উৎসবের প্রথম দিনেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


