
চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবা মান উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে পরিচালনা পরিষদের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমির সভাপতিত্বে হাসপাতাল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ মনিব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ।
সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকটসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত বক্তারা রোগীদের সেবা নিশ্চিত করতে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সভায় চিকিৎসক, সাংবাদিকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


