
নিউজ ডেক্স :
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। রোববার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন—যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ এবং মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল।
পত্রে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বলে এতে বলা হয়।
এ প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


