
যশোর প্রতিনিধি :
সংরক্ষিত নারী (৩১৪) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি-কে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছেন চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা। বুধবার (৬ মে) সকালে ঢাকা থেকে যশোরে পৌঁছালে বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সকাল পৌনে ১১টার দিকে যশোর বিমানবন্দর-এ অবতরণের পর শত শত নেতাকর্মী মোটরশোভাযাত্রার মাধ্যমে এমপি মুন্নিকে অভ্যর্থনা জানান। এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি কারবালা কবরস্থান-এ গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।
পরবর্তীতে তিনি ঝিকরগাছায় নিজ বাসভবন এলাকায় গিয়ে তাঁর স্বামী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলামের কবর জিয়ারত করেন। এছাড়া পর্যায়ক্রমে সাবেক ছাত্রনেতা শহীদ ওলিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিন আহমেদ এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আব্দুস সামাদ বড় সাহেবের কবরেও শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এমপি সাবিরা সুলতানা মুন্নি বলেন, তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা এবং পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী দফাদার এবং পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।


