
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী-এর উদ্যোগে কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের ঋষিপাড়ায় দীর্ঘদিনের প্রত্যাশিত ইটের সলিং রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। জিতেনের বাড়ি থেকে আক্তারের বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতো। নতুন ইটের সলিং রাস্তা নির্মাণের ফলে এসব ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
রাস্তার নির্মাণকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মোমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ বুলবুল, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক আব্দুল গনি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকার ঋষি সম্প্রদায়ের প্রতিনিধিরা রাস্তার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে রাস্তার নির্মাণকাজ শুরু হওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, “এই রাস্তা নির্মাণ হলে আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে। বিশেষ করে বর্ষাকালে আর আগের মতো দুর্ভোগ পোহাতে হবে না। আমরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।”
এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর নেতৃত্বে কেশবপুরে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত হবে।


