
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক মানোন্নয়ন এবং দায়িত্বশীল কর্মী তৈরির লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার বাগডোব দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী শিক্ষা সভা (টি.এস.) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত এ কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক (এমপি)।
ইউনিয়ন আমীর মাওলানা দেলওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আরশাদুল আলম, মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক এবং উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার মোজাহার আলী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে আদর্শবান কর্মীর বিকল্প নেই। কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের চরিত্র গঠন করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা, সততা ও জনসম্পৃক্ততার মাধ্যমে ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথিরা বলেন, একজন কর্মীকে কেবল সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকলেই চলবে না; ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনেও ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। নিয়মিত সাংগঠনিক শিক্ষা, আত্মসমালোচনা ও দায়িত্বশীলতার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, রুকন, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।


