
চৌগাছা (যশোর) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে আদর্শিক চেতনা, সাংগঠনিক দক্ষতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের রোকন এবং সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার আমির মাওলানা গোলাম মোরশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, ইসলামী আন্দোলনের সফলতা অর্জনে আল্লাহভীতি, তাকওয়া, সাংগঠনিক শৃঙ্খলা এবং মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার বিকল্প নেই। তিনি বলেন, “রোকনরাই সংগঠনের মূল শক্তি। তাদের আদর্শিক দৃঢ়তা, দায়িত্বশীলতা, সততা ও ত্যাগের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ এবং ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা সম্ভব।” তিনি রোকনদের ব্যক্তিগত আমল, সাংগঠনিক দায়িত্ব পালন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. মসলেহ উদ্দীন ফরিদ এমপি বলেন, একজন রোকনের দায়িত্ব শুধু সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আদর্শ অনুসরণ ও প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে আদর্শিকভাবে সুসংগঠিত, দক্ষ ও দায়িত্বশীল জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এজন্য রোকনদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি তৎপরতা, সামাজিক দায়িত্ব পালন এবং মানবকল্যাণমূলক উদ্যোগে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত রোকনবৃন্দ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং ইসলামী আন্দোলনের সার্বিক সফলতা প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


