
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ৬ নম্বর ঝিকরগাছা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলীম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাসা থেকে কর্মস্থল টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, তিনি মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলে পথে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে যান। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তাঁর ডান পায়ের উরুর উপরের অংশে গভীর ক্ষত হয়েছে। তবে মহান আল্লাহর রহমতে তাঁর কোনো হাড় ভাঙেনি এবং স্নায়ুতেও আঘাত লাগেনি। আঘাতটি মাংসপেশির ওপর দিয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁরা মাওলানা আব্দুল আলীমের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।


