
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষাসেবায় আত্মনিয়োগের পর অবসরে গেলেন যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতি ও সম্মান জানাতে শনিবার (১৯ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যদিও তিনি গত ২১ মে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন, তবুও প্রতিষ্ঠান পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলী কদর।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাওলানা মিজানুর রহমান শুধু একজন দক্ষ শিক্ষকই নন, তিনি ছিলেন একজন দূরদর্শী প্রশাসক, সৎ সংগঠক ও মানবিক ব্যক্তিত্বের অধিকারী। তাঁর নেতৃত্বে কায়েমকোলা নেছারিয়া দাখিল মাদ্রাসা শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও ফলাফলের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে তাঁর অবদান এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন মাওলানা মিজানুর রহমান। শিক্ষকতা জীবনের শুরু থেকেই তিনি আদর্শ শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর কর্মদক্ষতা ও নেতৃত্বে মাদ্রাসাটি এলাকায় একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বিদায়ী বক্তব্যে মাওলানা মিজানুর রহমান তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন শিক্ষার্থীদের ভালোবাসা, সম্মান ও সফলতা। আজ যে ভালোবাসা আমি পেয়েছি, সেটিই আমার জীবনের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি।”
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে বিদায়ী এই শিক্ষকের হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসার এক আবেগঘন পরিবেশ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা মাওলানা আনোয়ার হুসাইন, পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দীন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোতাছিম বিল্লাহ, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে মাওলানা মিজানুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


