
শার্শা (যশোর) প্রতিনিধি:
গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে যশোরের নাভারণে ‘অদম্য জুলাই’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যশোর জেলা পশ্চিম শাখা।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় নাভারণ বাজারে জেলা পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি নাভারণ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি মো. ইসমাঈল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি হাফেজ রেজাউল করিম এবং আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণের গণভোটের রায়ের প্রতি যথাযথ সম্মান জানিয়ে জুলাই সনদের সকল অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে দেশ, জাতি এবং জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


