
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া আমেনিয়া জামে মসজিদে জামায়াতের এক কর্মীর ওপর হামলার জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪-২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গামছা পরিহিত একদল হামলাকারী মসজিদের ভেতরে অতর্কিতভাবে এক জামায়াত কর্মীর ওপর হামলা চালায়। এতে ওই কর্মীর বাম হাত ও বাম পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার মসজিদে আছরের নামাজ আদায় শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্র, লাঠি-সোঁটা নিয়ে হামলা চালানো হলে অন্তত ২৪-২৫ জন জামায়াত-শিবির কর্মী ও স্থানীয় মুসল্লি আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। তবে স্থানীয়দের অভিযোগ, ভাটপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে ১৫-২০ মিনিট বিলম্ব করেন এবং পরে এসে দায়সারা ভূমিকা পালন করে ফিরে যান।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।


