
স্টাফ রিপোর্টার:
পাবনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার পরপরই ‘আদু ভাই ও বিতর্কিত কমিটি’ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির যুগ্ম-আহবায়ক মীর সানজীদ প্রান্ত। সদ্য অনুমোদিত ১০ সদস্যের কমিটিতে তিনি ২য় যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদল পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটির অনুমোদন দেয়। কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন প্রান্ত।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম।’ তার এ বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে প্রান্তের কিছু অনুসারী গণমাধ্যমে দাবি করেন, পাবনা জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান প্রিন্সের আনুমানিক বয়স ৪০ থেকে ৪২ বছর, যা নিয়েও সংগঠনের ভেতরে আলোচনা তৈরি হয়েছে।
জানা গেছে, মীর সানজীদ প্রান্ত পূর্বে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা ছাত্রদলের সভাপতি বা আহবায়ক পদপ্রত্যাশী ছিলেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তার এই আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে পাবনা জেলা ছাত্রদলের অভ্যন্তরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো কেন্দ্রীয় বা জেলা ছাত্রদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


