
চৌগাছা (যশোর) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় চৌগাছা উপজেলার ২নং পাশাপোল ইউনিয়নের দশপখিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পাশাপোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী যশোর–২ আসনের ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম মোর্শেদ। মাওলানা নুরুজ্জামান, সেক্রেটারি চৌগাছা উপজেলা জামায়াত ইসলামি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং পাশাপোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার মো. কবির উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, “দেশে সুশাসন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়, তাহলে সংসদে সৎ ও যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ শোষণ, দুর্নীতি ও বৈষম্যের শিকার। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহভীরু নেতৃত্বকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা গোলাম মোর্শেদ বলেন, “বর্তমান রাজনীতিতে নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছে। জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের জন্য। তাই আগামী নির্বাচনে জনগণকে সচেতন হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
আরও বক্তব্য দেন চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান। তিনি বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি আদর্শ ও নীতির প্রশ্ন। দেশকে দুর্নীতি, লুটপাট ও অনৈতিক রাজনীতি থেকে মুক্ত করতে হলে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নিজেদের স্বার্থ নয়, বরং জনগণের অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দেয়। তাই একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে মাস্টার মো. কবির উদ্দীন বলেন, “পাশাপোল ইউনিয়নের জনগণ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল। এবারও ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।”
সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণসমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী, কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।


