
যশোর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল কাদের। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এক বিশাল প্রচার মিছিলের মাধ্যমে তিনি তার নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।
এদিন দুপুর থেকেই যশোর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে সমবেত হতে থাকেন। বিকেল ৪টার দিকে প্রার্থী আব্দুল কাদেরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আব্দুল কাদের বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা ও যশোর সদর এলাকার সার্বিক উন্নয়নই তার নির্বাচনী লক্ষ্য। তিনি বলেন, জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দেবে।
তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তার পাশে থাকার আহ্বান জানান।


