
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, জনগণের মতামত ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধির দায়িত্ব হলো মানুষের পাশে থেকে তাদের সমস্যা শুনে দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৬টায় ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা বাজার জামে মসজিদ সংলগ্ন স্থানে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ কায়েমকোলা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাজারের অবকাঠামো, জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এলাকার নানা সমস্যা, উন্নয়ন চাহিদা ও জনসেবামূলক বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং জনগণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটানোই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে স্থানীয় জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ অপরিহার্য। সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি আধুনিক, নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই।”
তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম, মাওলানা আনোয়ার হুসাইন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।


