
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলামুখী এবং সুস্থ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে যশোরের ঝিকরগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজিরালী ও পুরন্দরপুর গ্রামের তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঝিকরগাছা মহিলা কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আইয়ুব হোসেন। স্থানীয় তরুণ, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ঝিকরগাছা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক হারুন অর রশিদ। তিনি বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ শরীরের পাশাপাশি একটি আদর্শবান ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং নিয়মিত খেলাধুলার চর্চা সমানভাবে প্রয়োজন। তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতা হারুন অর রশিদ, সোহেল আহমেদ, মাসুদুর রহমান, ইমরান খান, হাফেজ বেলাল হুসাইন, শিমুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে হাজিরালী গ্রামের দুটি ফুটবল দল এবং পুরন্দরপুর গ্রামের একটি ফুটবল দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। হাজিরালী গ্রামের দুই দলকে দুটি ফুটবল ও দুটি বাঁশি এবং পুরন্দরপুর গ্রামের একটি দলকে একটি ফুটবল ও একটি বাঁশি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও যুবসমাজের উন্নয়ন ও সুস্থ সমাজ গঠনে বিভিন্ন সামাজিক ও ক্রীড়াভিত্তিক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


