
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অভয়নগর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সামগ্রী তুলে দেন মো. গোলাম রসুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু।
এডিপির বিশেষ বরাদ্দ থেকে ১০টি হুইলচেয়ার, অসহায় নারীদের জন্য সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১২টি স্টিলের আলমারি, ৮২টি সিলিং ফ্যান, ৪৫ বান্ডিল টিন, ২ হাজার ৩৫০ কেজি রড, ২ হাজার ২০০ বর্গফুট টাইলস এবং ৩৪টি কুশন চেয়ার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. গোলাম রসুল বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সরকারের অঙ্গীকারের অংশ। তিনি বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন এবং সরকারের লক্ষ্য উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, অভয়নগরের উন্নয়নের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা হবে না। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, এনসিপির উপজেলা সভাপতি শাহজাহান কবির, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল করীম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে এমপি মো. গোলাম রসুল নিজ হাতে উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করেন।


