
ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় গুরুতর অসুস্থ ব্যক্তি ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে সরকারি ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঝিকরগাছায় সংরক্ষিত নারী আসন-৩১৪-এর সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন উপজেলা কৃষক দলের গুরুতর অসুস্থ সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ২০০৯ সালে সন্ত্রাসী হামলায় নিহত যুবদল কর্মী আব্দুল জব্বারের স্ত্রীসহ মোট ১১ জন অসহায়, দুস্থ ও অসুস্থ ব্যক্তি।
এ সময় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেন, সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারি এই সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, বিএনপি নেতা আব্দুল হাই, আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


