
যশোর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন বলেছেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আদর্শ, তাকওয়া, সততা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের আন্দোলনকে আরও বেগবান করতে সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র নয়; বরং আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পবিত্র প্রতিষ্ঠান। তিনি অভিযোগ করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে বিতর্কিত ও সন্ত্রাসী ব্যক্তিদের সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
মোবারক হোসাইন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার দাবি জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব, সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, প্রতিটি দায়িত্বশীলকে জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে হবে, মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং এমন চরিত্রের অধিকারী হতে হবে, যাতে মানুষ ইসলামের সৌন্দর্য ও সংগঠনের আদর্শের বাস্তব প্রতিফলন দেখতে পায়।
তিনি আরও বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক ভ্রাতৃত্ব, নিয়মিত যোগাযোগ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সকল কাজের মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজ পরিবর্তনের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি আবু জাফর ছিদ্দিক, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য গাজী এনামুল হক, আবুল হাশিম রেজা, অধ্যাপক জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল মালেক খানসহ জেলা শুরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ।


