
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে অসুস্থ ও অসহায় এক ব্যক্তির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঝাঁপা ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জিল্লুর রহমানের হাতে এ আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা জিল্লুর রহমানের চিকিৎসা ব্যয় নির্বাহে সহায়তা করতেই এই অর্থ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা রাজু, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মকবুল হোসেন, আয়ুব হোসেন, আসাদুজ্জামান, আমিনুর রহমান, তারিকুল ইসলাম, নুরুল হক, রিসাদ হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ওজিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ অসুস্থ জিল্লুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারা চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং মহান আল্লাহর কাছে জিল্লুর রহমানের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।
বক্তারা বলেন, সমাজের অসহায়, দুস্থ ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম মানবিক দায়িত্ব। দলটি সবসময় মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখবে।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা অসুস্থ ও দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।


