
যশোর প্রতিনিধি:
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের মনিহার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
এসময় উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর-ই আল মামুন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া জামায়াত নেতা আব্দুল কাদের, জয়নাল আবেদীন, গোলাম মোরশেদ, ফজলুল হকসহ স্থানীয় শীর্ষ নেতারা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল মনিহার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি বাস্তবায়নের আহ্বান জানান।


