
চৌগাছা (যশোর) প্রতিনিধি:
জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার নামে এইচএসসি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চৌগাছা কলেজ ছাত্রদল নেতা গ্রেফতার।
যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি চৌগাছার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মোঃ সেলিম রেজার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার জন্য ভুক্তভোগী ছাত্রী তার প্রতিবেশী মামাতো ভাই ছাত্রদল নেতা আরাফাত হোসেন রাব্বির সহায়তা চান। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকা সত্ত্বেও, সকালে এনআইডি কার্ডের কথা বলে রাব্বি তাকে চৌগাছা শহরে নিয়ে যান। পরবর্তীতে কৌশলে মেয়েটিকে চৌগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রিবিলিপাড়ার বাসিন্দা জাহান্নারা বেগম নামের এক নারীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে এবং পরবর্তীতে কিছুটা সুস্থবোধ করলে ছাত্রীটি নিজের বাড়িতে ফিরে যায় এবং পরিবারকে বিষয়টি জানায়। ঘটনা শোনার পর শনিবার সন্ধ্যায় মেয়েটির মা চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“ঘটনায় ভিকটিম ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করা হয়েছে এবং রোববার তাকে যশোর আদালতে প্রেরণ করা হবে। এছাড়া মামলার অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।”


