
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় পরিচালিত উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কাজ সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে তিনি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
এ ছাড়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত ত্রাণসামগ্রীর অবস্থা এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন তিনি। এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত কার্যক্রমের তদারকির দায়িত্বও পালন করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি বন্যা পরিস্থিতি এবং সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করবেন তিনি।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।


