
যশোর প্রতিনিধি:
শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণ-নিপীড়নমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) যশোর জেলা পরিষদের বিডি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আব্দুল মালেক খান।
প্রধান অতিথি বলেন, দেশের কৃষি, শিল্প, পরিবহন, বন্দর ও রপ্তানি খাতসহ প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি শ্রমিক। অথচ দীর্ঘদিন ধরেই শ্রমিকরা বৈষম্য, কম মজুরি, চাঁদাবাজি ও দখলদারিত্বের শিকার। মানবসৃষ্ট বিভিন্ন মতবাদ শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়েছে। ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবিকতার আদর্শ অনুসরণ করেই শ্রমিকের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিকের ন্যায্য মজুরি, মর্যাদা ও মানবিক আচরণের যে শিক্ষা দিয়েছেন, তা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি পরিবহন, বন্দর, টার্মিনালসহ সব খাতে চাঁদাবাজি, জুলুম ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, শ্রমজীবী মানুষের কাছে ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে। সত্যবাদিতা, আমানতদারিতা, সহনশীলতা ও মানবসেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। তিনি ট্রেডভিত্তিক শ্রমিক সংগঠনকে আরও সুসংগঠিত করা, দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলা এবং আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মশিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, দপ্তর সম্পাদক নূর-ই আলী নুর আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম হান্নান, সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি সাইফুর রহমান।


