
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়ালচিত্র (গ্রাফিতি) পরিবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন ছাত্রশিবিরের এক কর্মী, যার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার দাবি করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে দুই সংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে দুপুর ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনাকর পরিস্থিতিতে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীদের অনেকেই নিরাপদ স্থানে সরে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের একটি ভবনের দেয়ালে ‘জুলাই-আগস্ট’ আন্দোলনকে ঘিরে আঁকা গ্রাফিতিতে আগে লেখা ছিল “ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস”। পরে সেটির কিছু অংশ পরিবর্তন করাকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে প্রথম দফার সংঘর্ষ নিয়ন্ত্রণে এলেও বিকেলে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাত্রশিবির মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন অভিযোগ করে বলেন, পরীক্ষা দিতে আসা তাদের কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলও দাবি করেছে, তাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজ প্রশাসন সাময়িকভাবে অভ্যন্তরীণ ক্লাস ও কিছু পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন নির্ধারিত কিছু পরীক্ষা চলমান রয়েছে।
কলেজ অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।


