
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:
যশোরের ঝিকরগাছা উপজেলায় উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উপজেলার মোট ২ হাজার ৪০০ কৃষক এ সুবিধার আওতায় আসছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সক্ষমতা বাড়ানো জরুরি। কৃষকদের উৎপাদনমুখী করতে সরকার নানা ধরনের সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা কর্মসূচি আউশ চাষে কৃষকদের আরও উৎসাহিত করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ এবং যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিসিআইসি আশফাকুজ্জামান খান রনি এবং ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত প্রতিটি কৃষককে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
কৃষি বিভাগ জানিয়েছে, আধুনিক জাতের উফশী ধানের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, স্থানীয় খাদ্য চাহিদা পূরণ এবং কৃষকদের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।


