
স্টাফ রিপোর্টার:
রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের উত্তেজনার মধ্যেই ঢাকা সরকারি আলিয়া মাদরাসার সামনেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হেলমেট পরিহিত অবস্থায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের একটি ছবি ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, একটি সড়কে কয়েকজন মানুষের ভিড়ের মধ্যে হেলমেট পরা অবস্থায় রয়েছেন রবিউল ইসলাম নয়ন। ছবিটি শেয়ার করে বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী দাবি করছেন, তিনি সংঘর্ষস্থলে উপস্থিত ছিলেন। তবে ভাইরাল হওয়া ছবির প্রেক্ষাপট বা নির্দিষ্ট ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় লাঠি, লোহার পাইপ ও ইট-পাটকেল ব্যবহারের ঘটনাও দেখা যায়। অনেকের মাথায় হেলমেট ছিল।
সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে মাদরাসা শিক্ষা বোর্ডের সামনের সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


