
নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি দেশ পরিচালনা করেছে, কিন্তু তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। এখন সময় এসেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বকে সুযোগ দেওয়ার। তিনি বলেন, “তিনটি দল ক্ষমতায় থেকে নিজেদের পরিবর্তন করেছে, দেশের মানুষকে নয়। এবার জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে পরীক্ষা করুন। জামায়াত ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস করে না। ইনশাআল্লাহ দেশে দুর্নীতি ও লুটপাট থাকবে না, মানুষ ভালো থাকবে।”
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়নের ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জামায়াত-শিবিরকে জড়িয়ে নানা মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করে বিরোধীদের অপপ্রচারের তথ্যভিত্তিক জবাব দিতে হবে। জামায়াতের কল্যাণমুখী রাজনীতি ও ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।”
একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, “জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে কেউ বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু-মুসলিম সবাই ভালো থাকবেন।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী জুলাই সনদে স্বাক্ষর করেছে, যেখানে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, ক্ষমতার ভারসাম্য এবং প্রশাসন ও বিচারব্যবস্থার সংস্কারসহ ছয়টি গুরুত্বপূর্ণ অঙ্গ পুনর্গঠনের প্রস্তাব রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার জানান, সরকার ছয়টি কমিশন গঠন করে বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে সব রাজনৈতিক দল একত্রে আলোচনার মাধ্যমে ৮৪টি বিষয়ে একমত হয়েছে, যা ‘জুলাই চার্টার’ নামে পরিচিত। তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি— আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনগত ভিত্তি নির্ধারণ করতে হবে।”
তিনি উপস্থিত ভোটকেন্দ্র প্রতিনিধিদের সংগঠিত হয়ে মাঠপর্যায়ে জনগণের সাথে যোগাযোগ বাড়াতে ও ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।


