
ঢাকা প্রতিনিধি :
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের উদ্দেশ্য ছিল জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করা।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, “আমাদের একটি অভিযান চলছে। এ বিষয়ে এখনই বিস্তারিত বলা ঠিক হবে না। পরে জানানো হবে।”
উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে ওই পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়।
ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে ওই এক্স অ্যাকাউন্ট হ্যাক করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং ডা. শফিকুর রহমানের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।


