
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:
যশোরের ঝিকরগাছা উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় পরীক্ষাকেন্দ্রে হেল্পডেস্কের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিকরগাছা উপজেলা শাখা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ঝিকরগাছা বিএম হাইস্কুল সহ উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এ হেল্পডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রয়োজনীয় তথ্যসেবা, কেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা, কলম-স্কেলসহ শিক্ষা উপকরণ প্রদান এবং সার্বিক দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সুন্দর ও সফল পরীক্ষা কামনা করেন। পাশাপাশি পরীক্ষার হলে প্রবেশের আগে শৃঙ্খলা বজায় রাখা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।
উপস্থিত অভিভাবকরা জানান, এমন উদ্যোগ পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি দেয় এবং নতুন পরিবেশে কেন্দ্র খুঁজে পেতে অনেক সহায়ক ভূমিকা রাখে।
ছাত্রশিবির ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


