
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিকরগাছা উপজেলা শাখা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঝিকরগাছা উপজেলা পরিষদের প্রশাসনিক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইসা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে বলেন, অর্জিত সাফল্যকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
গাজীরদরগাহ ফায়জাবাদ ফাজিল বি.এ মাদ্রাসা শিবিরের সভাপতি এস.কে. স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, কর্মপরিষদ সদস্য হাফেজ অধ্যক্ষ রেজাউল ইসলাম, জামায়াত নেতা অ্যাডভোকেট হাবিব কায়সার এবং যশোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান।
এ ছাড়া যশোর জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি মো. ইসমাইল হোসেন, সেক্রেটারি ওবায়দুল্লাহ তারেক, সাবেক সভাপতি মহিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক মহিউদ্দিন খান, উপজেলা দায়িত্বশীল হাসিবুর রহমান, জাফর ইকবাল, রবিউল ইসলাম, মেহেদী হাসান, মুজাহিদুল ইসলাম, তাশরীফ খান, কায়েস মাহমুদ, তানভীর রহমান, আবু জাফর, সাবিত হোসেন, দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ২০০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও গিফট ব্যাগ তুলে দেওয়া হয়। গিফট ব্যাগে অর্থসহ কুরআন শরীফ, ফুলেল শুভেচ্ছা কার্ড, চল্লিশ হাদিসের বই, হাদিস সম্বলিত স্টিকার, দুটি ইসলামিক বই, ছাত্রশিবিরের পরিচিতি লিফলেট ও একটি কলম ছিল।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী মাহিম ইসলামী ছাত্রশিবিরের আয়োজন ও কার্যক্রম নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। পরে রেঁনেসা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


