
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর (শনিবার) বিকাল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক জয়নাল আবেদীন। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আরশাদুল আলম বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর শাহাদাৎ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা জোগায়। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না, তাদের আদর্শই আগামীর পথচলার দিশা। তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সকল ইসলামী আন্দোলনের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। শহীদ শরিফ ওসমান হাদীর আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্য শিক্ষা। আদর্শিক সংগ্রামে ধৈর্য, ত্যাগ ও ঈমানি দৃঢ়তা অপরিহার্য। যুব সমাজকে শহীদদের জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজ ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম বলেন, শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তাদের আদর্শ বাস্তব জীবনে প্রয়োগ করাই হলো প্রকৃত শ্রদ্ধা। ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে নৈতিকতা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মী, কর্মী-সমর্থক এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।


