
ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের এক যুবক জাম গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত যুবক আসিফ আহমেদ (২২) উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের কায়েমকোলা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. আসাদের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ঝিকরগাছা থেকে আসিফ আহমেদের এক বন্ধু তার সঙ্গে দেখা করতে আসেন। পরে তারা দুজন চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রাণীয়ালী গ্রামে জাম খেতে যান। সেখানে একটি জাম গাছে ওঠার পর অসাবধানতাবশত আসিফ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
ঘটনাটি দুপুর প্রায় ১টার দিকে ঘটে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা প্রায় ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
আসিফের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তার জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


