
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কো-অর্ডিনেশন সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান এবং প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে উপজেলায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হবে।
প্রধান অতিথি ইউএনও ভুপালী সরকার সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের উদ্দেশে নির্দেশনা প্রদান করে বলেন—
“উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে শতভাগ টিকাদানের আওতায় আনতে হবে। এই বিষয়ে কোনো অবহেলা চলবে না।”
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও টিকাদান কর্মসূচির মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আগামী মাসে ঝিকরগাছা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে শুরু হবে।


