
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ব্যতিক্রমীভাবে আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান। ‘দূষণমুক্ত শহর গড়ি, সুন্দর সমাজ তৈরি করি’—এই জনহিতকর শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
যুবদলের নেতাকর্মীরা নিজ হাতে হাসপাতাল চত্বরের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সবুজ পরিবেশ গঠনের লক্ষ্যে ফলজ ও বনজ চারা রোপণ করেন। তাদের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
কেবল পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ নয়, কর্মসূচির অংশ হিসেবে যুবদল নেতৃবৃন্দ হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন, শুকনো খাবার বিতরণ করেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করেন। মানবিক এই উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এক উষ্ণ পরিবেশের সৃষ্টি হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু বলেন, “যুবদল কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক দায়িত্ববোধ থেকেও কাজ করে। আমরা একটি দূষণমুক্ত ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে এই কার্যক্রম হাতে নিয়েছি।”
সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন বলেন, “জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে চাই। আগামীতেও আমাদের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
দামুড়হুদা উপজেলা যুবদলের এই ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করেছে—রাজনৈতিক সংগঠন সমাজের ইতিবাচক পরিবর্তন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


