
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
ঝিকরগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুন এর সঙ্গে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুন।
সভায় ইউএনও রনী খাতুন বলেন, “উন্নয়ন, সুশাসন ও সেবা প্রদানে প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে প্রশাসনের কর্মকাণ্ড সাংবাদিকরা জনসম্মুখে তুলে ধরলে জনগণের সঙ্গে প্রশাসনের আস্থার সেতুবন্ধন আরও দৃঢ় হবে।”
তিনি আরও বলেন, “আমি ঝিকরগাছাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। দুর্নীতি, অনিয়ম ও হয়রানির কোনো স্থান যেন না থাকে— সে লক্ষ্যেই সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা জালাল আহম্মেদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, এবং সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি, তারিক মাহমুদ, এম আর মাসুদ, কে এম ইদ্রিস আলী, ইলিয়াস উদ্দীন, আবিদুর রহমান, মোহাম্মদ আলী জিন্না, রেজওয়ান বাপ্পি, রাফিউল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, ও ইস্রাফিল হোসেন প্রমুখ।
সভায় সাংবাদিকরা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সদ্য যোগদানকারী ইউএনও মোছাঃ রনী খাতুন এর আগে বিভিন্ন দপ্তরে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ঝিকরগাছায় যোগদানের পর থেকেই তিনি জনসেবামুখী কার্যক্রমে স্থানীয়দের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন।
সভা শেষে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের প্রতিনিধিরা স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ঝিকরগাছা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


