
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী বাজারের ফলমূল ও কাঁচা তরকারি বিক্রেতা মো. আবু হাশেম (৬০) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি লাউজানী গ্রামের মৃত খলিল কাজির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে লাউজানী বাজার থেকে ব্যবসা শেষে নিজ বাড়িতে ফিরছিলেন আবু হাশেম। পথে পাকা রাস্তা থেকে সলিং রাস্তায় নামার প্রায় ৫০ ফুট দূরত্বে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তার কাছে থাকা ব্যবসার নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়।
আবু হাশেমের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা থানায় নিয়ে যান। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে থানায় মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


