
চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় মনোমালিন্যের জেরে শেফা (১৮) নামে এক তরুণী গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শেফা চৌগাছা উপজেলার চুটারহুদা গ্রামের খালিদ বিন ওয়ালিদের স্ত্রী। ঘটনার সময় তিনি চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া এলাকায় তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে শেফা তাঁর স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। একপর্যায়ে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। এরপর পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান।
স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
মাত্র ১৮ বছর বয়সী এই গৃহবধূর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল পারিবারিক ও দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া, ধৈর্য এবং মানসিক সুস্থতার বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।


