
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকসমাগমের মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছায় শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। তিনি এ ধরনের আয়োজনকে আরও সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী এবং সহসভাপতি ইয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ক্রীড়া সম্পাদক নাসিমুল হক তপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, সাবেক ফুটবলার জাকিরুল ইসলাম জাকির, মনিরুজ্জামান পেন্টি**, মোস্তাফিজুর রহমান মুন্না, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাসার, কোচ আহমেদ রেজা সজিব, জাগরণী সংসদের সহসভাপতি রাশিদুল ইসলাম হিরুসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ঝিকরগাছা পৌরসভা একাদশ মুখোমুখি হয় বাঁকড়া ইউনিয়ন পরিষদ একাদশের। নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে বাঁকড়া ইউনিয়ন পরিষদ একাদশ।
খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বিজয়ী দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মুকিদ-এর হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন। এছাড়া মাঠে উপস্থিত দর্শকদের মধ্য থেকে নির্বাচিত বেবি খাতুন-এর হাতে সেরা দর্শক সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় ফুটবল প্রতিভা বিকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।


