
স্টাফ রিপোর্টার:
যশোরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমি-এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) যশোর শহরের রেড টাউন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন হাফেজ মো. আব্দুস সামী। এরপর একাডেমির শিক্ষার্থীরা একক ও সমবেত সংগীত, আবৃত্তি, বক্তৃতা, অভিনয় এবং নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসাইন। তিনি বলেন, “একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশ কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ নয়; নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার চর্চাই তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একাডেমির উপদেষ্টা ও অভিভাবক রেজাউল করিম, যশোর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ ফারুক হোসেন, একাডেমির প্রিন্সিপাল মাওলানা আবু বকর ছিদ্দিক, পরিচালক মুজাহিদুল ইসলাম এবং শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান। বক্তারা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন দক্ষিণবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। তাঁর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এছাড়া যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘তরঙ্গ’-এর শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনাও দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
সমাপনী বক্তব্যে সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও একাডেমির অন্যতম উপদেষ্টা ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও চরিত্র গঠনে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসান। সভাপতির বক্তব্যে তিনি উপস্থিত সকল অতিথি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক এবং অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে ভবিষ্যতেও একাডেমির এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


