
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
গণতন্ত্রের মানুষকন্যা, আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ১৯ জানুয়ারি (সোমবার) বিকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সাবিরা সুলতানা বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা রেখে গেছেন। কারাবরণ, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার আদর্শ ও নেতৃত্ব বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।” তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় নাভারণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও সাহসী নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দেখানো পথে চলেই দেশকে একটি গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষপর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


