
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের মনোনয়ন বৈধ ঘোষণার খবরে ঝিকরগাছায় শোকরানা দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় ঝিকরগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে এ শোকরানা দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর–২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি বলেন, “আমাদের ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে যেন আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারি, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলায় জড়ানো যাবে না।”
উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুববিভাগ সভাপতি মো. আবিদুর রহমান, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, বাঁকড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল খালেক, নাভারণ ইউনিয়ন আমীর আসাদুজ্জামান, মাওলানা ইমদাদুল হক, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হকসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত আমীর-সেক্রেটারি ও শিবির নেতৃবৃন্দ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ এবং জামায়াতের সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়।


